বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের পরিচিতি বাড়াতে ‘সিলেট চা’ নামে নতুন একটি ব্র্যান্ড চালু করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। বুধবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগালের রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকাসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ১৪টি চা-বাগানের সঙ্গে কাজ করছে লন্ডন টি এক্সচেঞ্জ। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, আগামী বছর তাদের মাধ্যমে বিশ্বের অন্তত ৪০টি দেশে পৌঁছাবে বাংলাদেশের চা। একই সঙ্গে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ আলীউর রহমান বলেন, বিশ্বের যেকোনো বড় শহরের হোটেলে দার্জিলিং, আসাম বা সিলনের চা পাওয়া গেলেও সিলেট বা চট্টগ্রামের চা পাওয়া যায় না। কেন বাংলাদেশ এত দিন নিজের চা আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে পারেনি—এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সিলেট চায়ের আন্তর্জাতিক ব্র্যান্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
পর্তুগালের রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা অনুষ্ঠানে বলেন, তাঁর পূর্বপুরুষেরাই ইংল্যান্ডে চা নিয়ে গিয়েছিলেন; তাই বাংলাদেশের চায়ের ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার এই উদ্যোগ তাঁর কাছে তাৎপর্যপূর্ণ। দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পর্তুগালে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন এবং সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর অনেক সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান কামরান টি রহমান ও লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক আবদুল মোহাম্মদ শালিম মুকিত।