বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট আজ মধ্যরাত থেকে ২৪ দিন বন্ধ, শীতের কারণে সরবরাহে সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি

বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি বন্ধ রাখার বিষয়ে ২৬ অক্টোবর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্মতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় নির্মিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে টানা ২৪ দিন ইউনিটটি বন্ধ রাখা হবে। ২৪ দিনের এই রক্ষণাবেক্ষণ ১৯ ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা। শীতের সময় বিদ্যুতের চাহিদা কম থাকায় এখন রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

আদানি পাওয়ারের পক্ষে ঢাকায় নিযুক্ত জনসংযোগ প্রতিষ্ঠানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছিল। এ সময় ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

পিডিবির তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির কেন্দ্র থেকে সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট। আজ বেলা ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে; তখন জাতীয় গ্রিডে মোট সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীতের কারণে এখন চাহিদা কম থাকায় একটি ইউনিট বন্ধ থাকলেও চাহিদা অনুযায়ী সরবরাহে সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি। কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াটের ইউনিট এ সময় স্বাভাবিকভাবে চালু থাকবে।

আদানির কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের মোট ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। চুক্তি অনুযায়ী ২৫ বছর ধরে এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ২০২৩ সালের এপ্রিলে এবং দ্বিতীয় ইউনিট থেকে একই বছরের জুনে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।