চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সাত শিক্ষার্থীসহ আটজনকে শনাক্ত করেছে হল প্রশাসন। অভিযানে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়েছে। পরে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।
হল প্রশাসন ও প্রক্টরিয়াল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রথম অভিযান চালানো হয়। সেখানে সাতজন শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এই আটজনের বাইরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি চালাতে গেলে দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. ফারুক বলেন, অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে, কক্ষটি সিলগালা করা হয়েছে এবং সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিল করা হবে। সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, গান-বাজনার কথা বলে তাঁরা সেখানে মাদক সেবন করছিলেন। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি, মাদক পাওয়া গেছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন এবং একাডেমিক শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।
মাদক পাওয়ার বিষয়ে জানতে চাইলে ওই কক্ষের এক শিক্ষার্থী বলেন, তাঁরা মাদক সেবন করেন না; কক্ষে আসা অতিথিই মূলত মাদক এনেছিলেন। অতিথির বক্তব্য জানতে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
শিক্ষক ধাক্কা দেওয়ার অভিযোগে জড়ানো দুই শিক্ষার্থী অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের একজন বলেন, তিনি কোনো শিক্ষককে নয়, এক বড় ভাইকে ধাক্কা দিয়েছিলেন। সহকারী প্রক্টর জানান, এক শিক্ষার্থী হাউস টিউটরকে শিক্ষার্থী ভেবে কক্ষে প্রবেশে বাধা দিতে ধাক্কা দিয়েছিলেন এবং পরে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।