শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৩ কারখানায় ছুটি

শনিবার সকাল থেকে আশুলিয়ার কাঠগড়াসহ আশপাশের এলাকায় বিক্ষোভের মুখে ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়; মিরপুরেও সড়ক অবরোধ হয়েছে।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিক। শনিবার (৩১ অক্টোবর) এ বিক্ষোভের সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে একজন শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার সকাল থেকে শুরু হওয়া অসন্তোষের কারণে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকার অন্তত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, এ পর্যন্ত ১৩টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে এবং সময়ের সঙ্গে এ সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

একই দিন সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায়ও ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করেন মিরপুরের কয়েকটি কারখানার শ্রমিকেরা। সকাল ১০টার দিকে শুরু হওয়া এ অবরোধে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পোশাকশ্রমিকদের অনেকের হাতে লাঠি ছিল।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

বেতন বাড়ানোর দাবিতে গত বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় একইভাবে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। দুই দিনের ব্যবধানে তাঁরা আবার একই জায়গায় অবরোধে নামলেন।

এদিকে শ্রমমন্ত্রী শনিবার মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে জানান, বিভিন্ন খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড রোববার গঠন করা হবে।