← Back

জুলাই গণঅভ্যুত্থান দমনে পুলিশ যত গুলি ছুড়েছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার জবানবন্দিতে প্রকাশ — শুধু ঢাকাতেই ছোড়া হয় ৯৫ হাজারের বেশি রাউন্ড গুলি

নিজস্ব প্রতিবেদক
পুলিশ ছুড়েছিল তিন লাখের বেশি গুলি
ছবিঃ জুলাই গণঅভ্যুত্থান দমনে পুলিশ ছুড়েছিল তিন লাখের বেশি গুলি
জুলাই গণঅভ্যুত্থান দমনে সারা দেশে পুলিশ মোট তিন লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছুড়েছিল। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ, ৯৫ হাজার ৩১৩ রাউন্ড, ছোড়া হয় রাজধানী ঢাকায়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই তথ্য উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর।

জুলাই মাসের গণঅভ্যুত্থান দমনে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ভয়াবহ মাত্রায় গুলি চালিয়েছিল বলে আদালতে তথ্য উপস্থাপিত হয়েছে। পুলিশের সদর দপ্তর থেকে প্রাপ্ত ২১৫ পৃষ্ঠার এক প্রতিবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সোমবার এই তথ্য তুলে ধরেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর।

প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থান দমনে সারাদেশে মোট তিন লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ব্যবহার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকায়ই ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড গুলি। এসব গুলি চালানো হয় বিভিন্ন মারণাস্ত্র থেকে—যেমন এলএমজি, এসএমজি, চাইনিজ রাইফেল, শটগান, রিভলবার ও পিস্তল।

তদন্ত কর্মকর্তা আদালতে জানান, চলতি বছরের ২৫ জানুয়ারি পুলিশের সদর দপ্তর থেকে একটি স্মারকের মাধ্যমে তিনি এই প্রতিবেদন হাতে পান। এছাড়া র‌্যাব সদর দপ্তর থেকেও হেলিকপ্টার ব্যবহারের একটি পৃথক প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে।

সেদিন আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামীম, তানভীর হাসান জোহা ও আবদুস সাত্তার পালোয়ান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “তৎকালীন সরকার আন্দোলন দমনের জন্য যে পরিমাণ অস্ত্র ও গুলি ব্যবহার করেছিল, তা ছিল ভয়াবহ। শুধু ঢাকাতেই ৯৫ হাজারের বেশি রাউন্ড গুলি চালানো হয়েছিল, যা রক্তাক্ত দমন-পীড়নের এক জ্বলন্ত প্রমাণ।”

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন