আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয়ভাবে দেওয়া ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’-এর নাম পরিবর্তন করে ‘জাতীয় কৃষি পুরস্কার’ রাখার উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ লক্ষ্যে বিদ্যমান ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬’ সংশোধনের জন্য ‘জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া বিল তৈরি করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা একটি দাপ্তরিক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, খসড়াটি পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের আন্তঃমন্ত্রণালয় কমিটিতে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো চিঠিতে কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত সচিবের (আইন) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। খসড়া বিল, বিদ্যমান আইন ও একটি সারসংক্ষেপসহ সংশ্লিষ্ট কাগজপত্র চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
চিঠির তথ্য অনুযায়ী, নাম পরিবর্তনের লক্ষ্যে গত ১৮ ও ২৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী আইন সংশোধনের খসড়া বিল প্রস্তুত করা হয়েছে।
কৃষি খাতে অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৩ সালে ‘জাতীয় কৃষি পুরস্কার’ চালু হয়। পরে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন’ প্রণয়ন করা হয় এবং এর আওতায় পুরস্কার কার্যক্রম পরিচালিত হতে থাকে। তখন স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক, সনদ এবং নগদ অর্থসহ বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হতো।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্তের অংশ হিসেবে ওই বছরের নভেম্বরে এই পুরস্কার প্রদান স্থগিত করা হয়। ফলে টানা দুই বছর ধরে রাষ্ট্রীয় এ কৃষি পুরস্কার বন্ধ রয়েছে।