দেশের অর্থনীতির বড় তিনটি সমস্যা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারা এবং কর আদায়ে দুর্বলতা—এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বলেন, এসব সমস্যা দীর্ঘদিনের এবং এর সঙ্গে রাজনৈতিক স্বার্থ জড়িয়ে গেছে। ফলে নতুন সরকারের পক্ষে অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন সহজ হবে না।
শনিবার ঢাকার একটি হোটেলে সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট আয়োজিত ‘দেশের অর্থনীতির বর্তমান অবস্থা: বিএনপি উত্তরাধিকারসূত্রে কী পেয়েছে, কী অর্জন করেছে এবং সামনে কী আসছে’ শীর্ষক সেমিনারে নির্ধারিত আলোচক হিসেবে তিনি এ কথা বলেন। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্য দুই নির্ধারিত আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সায়মা হক এবং পানাম ইনস্টিটিউটের চেয়ারপারসন জ্যোতি রহমান। অর্থনীতিবিদ, আইনজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রীকে উদ্দেশ করে রেহমান সোবহান বলেন, মূল্যস্ফীতির হার পাঁচ-সাত বছর আগে যা ছিল, এখনো তা–ই আছে। তাঁর ভাষ্য, ভাগ্য ভালো হলে এটি ৮ শতাংশ থেকে ৬ শতাংশে নামানো সম্ভব হতে পারে। ৬ শতাংশে নেমে এলে তা হয়তো সামষ্টিক অর্থনীতিবিদদের খুশি করবে, কিন্তু সাধারণ মানুষের জন্য তখনো দামের চাপ অসহনীয় থেকে যাবে।
ঋণখেলাপি প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, সরকার সত্যিই এই সমস্যা কার্যকরভাবে মোকাবিলা করতে পারবে কি না। রেহমান সোবহান বলেন, অনেকের ধারণা এটি নতুন সমস্যা এবং কয়েকজন স্বজনতোষী পুঁজিবাদী এটি তৈরি করেছেন; আসলে এটি ৪০ বছর ধরে চলে আসছে। তাঁর বক্তব্য, বড় ব্যবসায়িক গোষ্ঠী এখন ঋণ পুনঃতফসিলের দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। তারা বলছে, ঋণ পুনঃতফসিল না হলে কারখানা ঠিকমতো চালানো যাবে না। তাঁর ভাষায়, ‘তাঁরা আপনাদের মাথায় স্থায়ীভাবে বন্দুক ঠেকিয়ে রেখেছেন।’
তিনি আরও বলেন, ঋণখেলাপি সমস্যা কেবল ব্যবসায়িক মডেলের অংশ নয়; এটি রাজনৈতিক প্রক্রিয়ারও অংশ হয়ে উঠেছে, আর বিষয়টি কখনোই সন্তোষজনকভাবে সমাধান করা হয়নি। ১৯৯১ সালের পর থেকে প্রতিবছর প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানকে এ নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতো বলে তিনি স্মরণ করেন।