উত্তরাঞ্চলের কৃষি ও সেচব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংভিত্তিক সেচব্যবস্থা চালুর উদ্যোগ জোরদার করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। বর্তমানে প্রতিষ্ঠানটির ১৭ হাজার ৮৮টি সেচযন্ত্রের মধ্যে ৬৯২টি সৌরবিদ্যুতের আওতায় এসেছে এবং ২৫৩টি যন্ত্রে নেট মিটারিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
নেট মিটারিং ব্যবস্থায় সৌরবিদ্যুৎ দিয়ে প্রথমে সেচের চাহিদা মেটানো হবে। অতিরিক্ত বিদ্যুৎ দ্বিমুখী মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। বিএমডিএর তথ্য অনুযায়ী, পরিকল্পনামাফিক ১৫ হাজার ৭৫৭টি সেচযন্ত্রে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় চার লাখ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমার সম্ভাবনা রয়েছে।
সৌরবিদ্যুৎভিত্তিক সেচে কৃষক দিনের আলোতেই প্রয়োজনমতো পানি দিতে পারবেন। এতে রাতের অন্ধকারে সেচের ভোগান্তি, শ্রমিকসংকট ও বিদ্যুতের ওপর নির্ভরতা কমার সুযোগ তৈরি হবে বলে কর্তৃপক্ষ মনে করছে। সেচযন্ত্র সচল আছে কি না, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার কেমন এবং গ্রিডে কতটা যাচ্ছে—এসব পর্যবেক্ষণে কেন্দ্রীয় লাইভ মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগও রয়েছে।
বিএমডিএর ভারপ্রাপ্ত সচিব এস এম দেলোয়ার হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, তীব্র জনবলসংকট মোকাবিলায় ৬৫০ জন জনবল রাজস্ব খাতে স্থানান্তর এবং প্রয়োজনীয় নিয়োগের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে। সেচযন্ত্র সৌরবিদ্যুতে চালানো ও নেট মিটারিংয়ের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পর সৌরায়ন কমিটি গঠন, নীতিমালা প্রণয়ন, কারিগরি পর্যালোচনা ও বাস্তবায়ন পরিকল্পনার কাজ এগোচ্ছে বলে জানা যায়।
বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক সক্ষমতা বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।