সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

চারঘাট ও মোহনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: যুব ঋণের চেক ও সম্মাননা বিতরণ, প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ

রাজশাহীর দুই উপজেলায় রোববার র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়; সংসদ সদস্যরা দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থানের ওপর জোর দেন।

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাট ও মোহনপুর উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুই উপজেলায় র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণের আয়োজন করা হয়।

চারঘাটে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। তরুণদের শুধু চাকরির ওপর নির্ভর না করে কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে হবে। যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতা যথাযথভাবে কাজে লাগানো গেলে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সফল ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংসদ সদস্য। একই সঙ্গে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি ও মৎস্য কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতারা, শিক্ষক-শিক্ষার্থী ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

মোহনপুরে সকাল ১০টার দিকে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শফিকুল হক মিলন। আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মসংস্থানকারীদের মধ্যে সনদ ও ঋণের চেক বিতরণ করা হয়।