মিরপুর টেস্টে মাত্র চার দিনেই হেরে গেছে বাংলাদেশ। শনিবার (৩১ অক্টোবর) ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের এ জয়ে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেছে সফরকারীরা। স্কোর: বাংলাদেশ ২৭২ ও ১৪২; ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ ও ১৭০/২।
আলোকস্বল্পতা, বৃষ্টি ও বজ্রপাতের কারণে চার দিনে অপ্রত্যাশিতভাবে ৯ বার খেলা বন্ধ হয়েছে। প্রতিবারই কিছু না কিছু সময় নষ্ট হয়েছে। প্রথম তিন দিনে নির্ধারিত ২৭০ ওভারের জায়গায় প্রায় ৬০ ওভার কম খেলা হয়েছে। তারপরও টেস্টটি শেষ হয়েছে চতুর্থ দিনেই।
এদিন লাঞ্চের আগেই ১৪২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭০ রানের; বাংলাদেশের লিড ছিল ১৬৯। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে নাঈম হাসানের ব্যাটে কিছুটা প্রতিরোধ দেখা গেছে। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও টেস্টে নিজের প্রথম ফিফটি করেন তিনি। আগের দিন ৫৩ রানে ৬ উইকেট পড়ার পর উইকেটে এসে তিনি দলকে যেটুকু লিড এনে দিয়েছেন, তার বড় কৃতিত্ব তাঁরই। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন নাঈম।
আগের দিনের ৬ উইকেটে ৭৯ রানের সঙ্গে আজ আর মাত্র ৬৩ রান যোগ করে অলআউট হয় বাংলাদেশ। অফ স্পিনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ ৩৬ রানে ৫ উইকেট নেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন।