বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল বুথ থেকে টাকা চুরির চেষ্টা, দুই যুবক গ্রেপ্তার

তারের বেড়ার নিচ দিয়ে সংরক্ষিত এলাকায় ঢুকে ৭ নম্বর লেনের বুথের ড্রয়ার থেকে টাকা তোলার চেষ্টাকালে নিরাপত্তাকর্মীরা তাঁদের ধরে ফেলেন; ম্যানেজার মামলা করেছেন।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজার ৭ নম্বর লেনের টোল বুথ থেকে টাকা চুরির চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন মো. সোহান (২৪) ও মো. ইসমাইল (৩০)। তাঁদের বাড়ি মুন্সীগঞ্জ জেলা সদরে। পদ্মা সেতু কর্তৃপক্ষ ও উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে সোহান ও ইসমাইল টোল প্লাজার পূর্ব-দক্ষিণ পাশের তারের বেড়ার নিচ দিয়ে ভেতরে সংরক্ষিত এলাকায় প্রবেশ করেন। এ সময় একজন ৭ নম্বর লেনের টোল বুথের ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টা চালান, অন্যজন বাইরে থেকে পাহারা দিচ্ছিলেন।

বিষয়টি কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের নজরে এলে তাঁরা এগিয়ে যান এবং পালানোর চেষ্টার সময় দুজনকে ধরে ফেলেন। পরে সিসিটিভি ফুটেজেও তাঁদের চুরির চেষ্টার দৃশ্য ধরা পড়ে বলে সূত্রগুলো জানায়।

ওসি সৈয়দ আক্তার হোসেন বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁরা বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় বুধবার রাতে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ম্যানেজার কামরুল হাসান তানভীর থানায় একটি মামলা করেছেন।