পদ্মা ব্যারেজ প্রকল্প এবং উত্তর-রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন রাজশাহীর নদী গবেষক, কৃষিবিদ, প্রকৌশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী কলেজ মিলনায়তনে এক সেমিনারে তাঁরা এ দাবি তোলেন।
‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ’ শীর্ষক এই সেমিনার যৌথভাবে আয়োজন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের শিক্ষক, কৃষিবিদ, নদী বিশেষজ্ঞ ও বিভিন্ন পেশাজীবী এতে অংশ নেন। সভাপতিত্ব করেন বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ। প্রবন্ধে বলা হয়, রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত ব্যারেজ নির্মিত হলে পদ্মার মূল প্রবাহে পানির উচ্চতা ও নাব্যতা বাড়ার সুযোগ তৈরি হবে। বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে ব্যবহার করা গেলে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের দীর্ঘদিনের খরা ও পানিসংকট মোকাবিলায় তা সহায়ক হবে। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো এবং পানির স্তর স্বাভাবিক রাখার ক্ষেত্রেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।
প্রবন্ধে আরও বলা হয়, ব্যারেজ নির্মাণের পর পদ্মার পানি কাজে লাগিয়ে গোদাগাড়ী পয়েন্টে ইনটেক স্ট্রাকচার ও সেন্ট্রাল পাম্প স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া যেতে পারে। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর খরাপ্রবণ কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। সমীক্ষার তথ্য উদ্ধৃত করে বলা হয়, ব্যারেজ চালু হলে জাতীয় জিডিপিতে শূন্য দশমিক ৪৫ শতাংশ অবদান রাখার সম্ভাবনা আছে এবং প্রতিবছর প্রায় আট হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে।
সেমিনারে কয়েকটি দাবি তোলা হয়। এর মধ্যে রয়েছে প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা, প্রথম পর্যায়ের কাজ শুরুর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের কার্যকর পরিকল্পনা নেওয়া এবং সব অঙ্গের কাজ নির্ধারিত সময়ে শেষ করা। পাশাপাশি উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথা বলা হয়। বরেন্দ্র অঞ্চলের পানিসংকট মোকাবিলায় ব্যক্তিমালিকানাধীন পুকুর, জলাশয় ও দিঘি প্রয়োজনে সরকারিভাবে অধিগ্রহণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রস্তাবও আসে।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা ও অধ্যাপক মর্জিনা বেগমসহ আরও অনেকে।