আগের দিন দুই মাসের সর্বনিম্নে নামার পর বুধবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে আবার বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশা থাকলেও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা না থামায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গ্রিনিচ মান সময় রাত ১টা ১৯ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪৯ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ৮৬ ডলার ৫৩ সেন্টে ওঠে। মঙ্গলবার লেনদেনের শুরুতে মার্কিন কর্মকর্তারা ইরানে নতুন হামলার প্রয়োজন নেই বলায় দাম ৩ ডলারের বেশি কমেছিল।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে ৩৭টি জাহাজে হামলা হয়েছে, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। চলতি নভেম্বরে এখন পর্যন্ত ১০টি হামলা ঘটেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, রোববার "অনুমোদনহীন পথে" চলাচলের অভিযোগে তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার ওমানের লিমা এলাকার উত্তর-পূর্বে আরেকটি ট্যাংকারে হামলার কথা জানায়। একই দিন ইরানের বিপ্লবী গার্ডের নৌশাখা বলেছে, মাইন বা বিস্ফোরকের আঘাতে দুটি ট্যাংকারে আগুন লেগেছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের বিশ্লেষকেরা বলেছেন, চুক্তি হলেও হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে; মাইন অপসারণ, বিমার খরচ ও মালিকদের ঝুঁকি নেওয়ার সম্মতি এখানে গুরুত্বপূর্ণ। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্যমতে, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বেড়েছে। অন্যদিকে শিল্প খাতের সূত্র জানায়, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমেছে।