বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের দরপতন হয়েছে। টানা কয়েক দিনের পতনে বৃহস্পতিবার প্রতি আউন্স সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। শুক্রবার দাম কিছুটা ঘুরে দাঁড়ালেও গত সপ্তাহে সোনার দাম কমেছে প্রায় সাড়ে ৪ শতাংশ। গত জুনের পর এটিই সোনার সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৫২ ডলার ১০ সেন্টে নেমে আসে। ২০২৫ সালের অক্টোবরের পর এটিই ছিল সর্বনিম্ন দাম। শুক্রবার কিছুটা ঘুরে দাঁড়িয়ে দিনের শেষ দিকে আউন্সপ্রতি দাম দাঁড়ায় ৩ হাজার ৮৭৯ ডলার ৭১ সেন্টে। আগের দিনের তুলনায় দাম বাড়লেও সপ্তাহের হিসাবে পতন ঠেকানো যায়নি।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে। গত সপ্তাহে টানা পাঁচ দফা দাম কমে ভরিতে কমেছে প্রায় ১২ হাজার টাকা। বর্তমানে দেশে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, সোনার দাম কমার প্রধান কারণ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির চাপ এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্ত পিছিয়ে যাওয়ার আশঙ্কা। অক্টোবরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক আগের মাসের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে, অথচ অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল শূন্য দশমিক ৩ শতাংশ। সুদের হার দীর্ঘ সময় বেশি থাকবে—এই প্রত্যাশায় ডলার চাঙা হয়েছে এবং মার্কিন সরকারি বন্ডের মুনাফা বেড়েছে। সোনায় যেহেতু সুদ বা লভ্যাংশ নেই, তাই এই পরিস্থিতিতে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা ৫ দশমিক ১৫ শতাংশের কাছাকাছি।
এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে বলেও বিশ্লেষকেরা মনে করছেন। তবে দরপতনের পর কিছু বিনিয়োগকারী কম দামে সোনা কিনছেন বলে বাজার সূত্রে জানা গেছে।