রোগী ও স্বজনদের হয়রানি ঠেকাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-৩)। অভিযানে ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং চারজনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেজর নাঈমের নেতৃত্বে একটি দল হাসপাতালে অভিযান শুরু করে। রাত সাড়ে সাতটা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। এরপর এসআরবি ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতের দেওয়া সাজা অনুযায়ী আলামিন (৩২) এক মাস, মোয়াজ্জেম (৫০) সাত দিন, ইমন (২৮) ১৫ দিন, সাদ্দাম (৩৫) তিন দিন, শহিদুল মোল্লা (৩৭) সাত দিন, সিফাত (২২) তিন দিন এবং হেলাল (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন। মাহমুদুল (৩৯) ও আল শাহরিয়ার হোসেন বাপ্পি (৩০) প্রত্যেকে পাঁচ হাজার টাকা, শাকিল (২২) তিন হাজার এবং নূরনবী (২৭) ১০ হাজার টাকা জরিমানা পেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে গিয়ে দালালদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান। রোগীর এক স্বজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে এক দালাল উধাও হওয়ার অভিযোগও সামনে এসেছে। সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতে এর আগেও বিভিন্ন সংস্থা অভিযান চালিয়েছে, তবে এসব অভিযানের পরও দালালদের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি।