মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সহিংসতা নিয়ে মঙ্গলবার সকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৮৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সকাল ৯টায় অবহিত করবেন; ঢাকা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টায় মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কূটনীতিকদের অবহিত করবেন।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ব্রিফিংয়ে আমন্ত্রণ জানিয়ে সোমবার ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির নেতা মো. আজিজুল ইসলামসহ ৩২ জন গ্রেপ্তার হন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে চলে যান। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণার পর তাঁর দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দেওয়া হচ্ছে। পুলিশের ভাষ্য, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পুলিশের স্থাপনায় হামলা ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর ১ নম্বরে বসুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়; এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। এর আগে রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের গিরিধারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে এবং সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকায় ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।