সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চীনে ভিআইপি টয়লেট পরিচালনা প্রশিক্ষণে যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের ৩ কর্মকর্তা

নতুন পাঁচটি মোবাইল টয়লেটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নেবেন তারা; ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান

টয়লেট
ছবি: প্রতীকী ছবি

স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা নতুন ভ্রাম্যমাণ (ভিআইপি) টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণবিষয়ক প্রশিক্ষণে অংশ নিতে চীন যাচ্ছেন। সাত দিনের এ সফরের সব ব্যয় বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা চীনে ভিআইপি টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন। আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর অথবা ছুটি শুরুর তারিখ থেকে সাত দিনের জন্য তারা এই সফরের অনুমতি পেয়েছেন।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক আদেশে (জিও) তাদের এ অনুমতি দেওয়া হয়। সফরে যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন।

সরকারি আদেশে উল্লেখ করা হয়, পাঁচটি নতুন মোবাইল (ভিআইপি) টয়লেট সরবরাহের বিপরীতে কর্মকর্তারা এগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণে অংশ নেবেন। এ সফরকে দায়িত্বের অংশ হিসেবে ধরা হবে এবং সব ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

তবে, প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো সরবরাহকারী বা ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর না করার কথা থাকলেও দীর্ঘদিন ধরেই বিভিন্ন দফতরের কর্মকর্তারা নিয়ম ভেঙে বিদেশ ভ্রমণে যাচ্ছেন। এর আগে বিদ্যুৎ বিভাগ, পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইএমইডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন কর্মকর্তা একইভাবে বিদেশ সফরে গিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সফর স্বার্থসংঘাতের জন্ম দেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মন্তব্য করেছেন, “সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কমানোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে ভ্রমণ অনৈতিক এবং এতে কর্মকর্তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়।”