বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সদরঘাটে জবি শিক্ষার্থীদের ওপর হামলা: ৪৫ জনের বিরুদ্ধে মামলা, চারজন কারাগারে

সদরঘাটে জবি শিক্ষার্থীদের ওপর হামলা: ৪৫ জনের বিরুদ্ধে মামলা, চারজন কারাগারে
ছবি: ফাইল ছবি

রাজধানীর সদরঘাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর লঞ্চকর্মীদের হামলার ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে গ্রেপ্তার চারজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহাদাত হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তাররা হলেন—কিরণ, সাদ্দাম, বিল্লাল ও মানিক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরঘাটে সুন্দরবন-১২ লঞ্চের স্টাফ জসিম, জবির ১৯ ব্যাচের শিক্ষার্থী আনিসকে যাত্রী ভেবে টিকিট কাটতে বলেন। শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। পরে বন্ধুদের সঙ্গে ঘটনাস্থলে এলে লঞ্চের অন্যান্য স্টাফরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এজাহারে আরও বলা হয়, এসময় ১ নম্বর আসামি মুফতিজুল কবির কিরণ নিজেকে ঘাট কর্তৃপক্ষের লোক পরিচয় দিয়ে ২০-২৫ জন সহযোগীসহ পিস্তল, রড, ছুরি ও লাঠি নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত নয়জন শিক্ষার্থী আহত হন। সদরঘাট নৌ থানার ওসি মো. সোহাগ রানা জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ৭ আগস্ট পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে জবি, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সুন্দরবন-১২ লঞ্চের কর্মীদের সংঘর্ষে অন্তত নয়জন আহত হন।