বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঢাকা মেট্রো রেলের ৫ দশমিক ২ কিলোমিটার ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেল টাটা প্রজেক্টস ও দুই জাপানি প্রতিষ্ঠানের জোট

৬৫ কোটি ৩০ লাখ ডলারের এই প্যাকেজে খিলক্ষেত থেকে বিমানবন্দর পর্যন্ত তিনটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে; অর্থায়ন করছে জাইকা।

ঢাকা মেট্রো রেলের একটি ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেয়েছে ভারতের টাটা প্রজেক্টস এবং জাপানের নিশিমাৎসু কনস্ট্রাকশন ও তোদা করপোরেশনের যৌথ উদ্যোগ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) টাটা প্রজেক্টস এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

বিবৃতি অনুযায়ী, নিশিমাৎসু-টিপিএল-তোদা যৌথ উদ্যোগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে ঢাকা মেট্রো নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ একটি অংশের জন্য সিপি-০৬ নামের চুক্তি পেয়েছে। প্রকল্পটির আনুমানিক মূল্য ৬৫ কোটি ৩০ লাখ ডলার। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর অর্থায়নে সহায়তা করছে।

চুক্তির আওতায় ৫ দশমিক ২ কিলোমিটার ভূগর্ভস্থ মূল লাইন নির্মাণ করা হবে। এর মধ্যে থাকছে পূর্তকাজ, স্থাপত্য সমাপনী কাজ এবং যান্ত্রিক, বৈদ্যুতিক ও পানি-পয়োনিষ্কাশন ব্যবস্থা। লাইনে তিনটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে—খিলক্ষেত, বিমানবন্দর তৃতীয় টার্মিনাল ও বিমানবন্দর। উত্তর প্রান্তে একটি শ্যাফটও নির্মাণ করা হবে।

টাটা প্রজেক্টসের ভাষ্য অনুযায়ী, কাজ শুরুর পর পাঁচ বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি ঢাকায় নগর পরিবহন আধুনিকীকরণ, যাতায়াত সংযোগ বাড়ানো, যানজট কমানো এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তার বৃহত্তর উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ।

টাটা প্রজেক্টসের প্রেসিডেন্ট এবং প্রধান প্রবৃদ্ধি ও কৌশল কর্মকর্তা রাজীব মেনন বলেন, মধ্যপ্রাচ্য, এশিয়া ও উদীয়মান বাজারে নগরায়ণের কারণে মেট্রো ও রেল নেটওয়ার্কে বিপুল বিনিয়োগ হচ্ছে। ঢাকার এই প্রকল্প সরকার, ডেভেলপার ও আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠানের কাছে তাদের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দৃশ্যমানতা বাড়াবে বলে তিনি মনে করেন।