বগুড়ায় মঙ্গলবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। দুর্ঘটনা দুটি ঘটেছে কাহালু ও নন্দীগ্রাম উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কাহালু উপজেলার দরগাহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় তিনজন একটি মোটরসাইকেলে করে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পেছন থেকে একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০) ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলীকে (৭০) মৃত ঘোষণা করেন। আহত আব্দুল মকিমকে (৬৫) উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে একই দিন ভোর ৪টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় আরেকটি দুর্ঘটনায় ট্রাকচালক ওবায়দুল ইসলাম (২৭) নিহত হন। পুলিশ জানায়, বালুবাহী দুটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। পেছনের ট্রাকটি সামনের ট্রাকের পেছনে ধাক্কা দিলে এর সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওবায়দুল যশোরের কেশবপুর উপজেলার পরচকক্রা গ্রামের আজিবর মোড়লের ছেলে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাহালুর ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটির সন্ধানের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।