গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। মাসিক বেতনের পাশাপাশি অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। সাধারণ সদস্যদের জন্য এ ভাতা ৭০ হাজার থেকে বেড়ে ৮০ হাজার টাকা হয়েছে, আর গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার থেকে বেড়ে হয়েছে এক লাখ টাকা।
প্রধানমন্ত্রী বলেন, তথ্য আদান-প্রদানের জন্য গ্রাম পুলিশকে মোবাইল ফোন ব্যবহার করতে হয়। তাই সরকার প্রত্যেক সদস্যকে মোবাইল ফোনের খরচ বাবদ মাসে ১৫০ টাকা দেবে। বেতন-ভাতা ছাড়াও গ্রাম পুলিশের আরও কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে যোগ দেন। সমাবেশস্থলে ঢুকে তিনি সারা দেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। বর্ধিত বেতন কবে থেকে কার্যকর হবে, তা ঘোষণার বিবরণে জানা যায়নি।