শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

রাত ১০টার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও চারুকলা গেট দিয়ে যানবাহন ঢুকতে পারবে না

নিরাপত্তা জোরদারে ২৭ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে যানবাহন চলাচলে নতুন নিয়ম কার্যকর করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে যানবাহনের প্রবেশ ও চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন রাত ১০টার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (মেইন গেট) ও চারুকলা গেট বন্ধ থাকবে। ওই সময়ের পর এই দুই গেট দিয়ে কোনো ধরনের যানবাহন ক্যাম্পাসে ঢুকতে পারবে না।

রাত ১০টার পর যানবাহন চলাচলের জন্য কাজলা গেট, বিনোদপুর গেট ও স্টেশন বাজার গেট খোলা থাকবে। এ ছাড়া অফিস চলাকালীন কর্মদিবসে বিকেল ৫টার পর এবং সরকারি ছুটির দিনগুলোতে সারা দিন ফুট ফাইবার গেট সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত সব যানবাহনে প্রক্টর অফিস থেকে সংগ্রহ করা নির্ধারিত স্টিকার লাগাতে হবে। ক্যাম্পাসে থাকার সময় সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে নিরাপদ ও নির্ভার পরিবেশে শিক্ষা কার্যক্রম চালাতে পারেন, সেটিই প্রশাসনের প্রধান লক্ষ্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, নতুন এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থাপনা আরও কার্যকর ও সুশৃঙ্খল হবে।