তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা। আগামী রোববার জোহানেসবার্গে প্রথম টেস্টের মধ্য দিয়ে দুই দলের মাঠের লড়াই শুরু হবে। সিরিজ সামনে রেখে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বাংলাদেশকে নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে কনরাড বিশেষভাবে তাওহিদ হৃদয়ের কথা বলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি ২৪২ রানের রেকর্ড ইনিংস খেলে আলোচনায় আসা হৃদয়কে নিয়ে প্রোটিয়া শিবিরে বিশেষ পরিকল্পনা ও কৌতূহল রয়েছে। এর আগে বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরে লাল বলের ম্যাচে হৃদয় সাড়ে তিনশ রান করেছিলেন। রসিকতার সুরে কনরাড বলেন, ‘এবার তো ওর ব্যর্থ হওয়ার পালা, তাই না!’
হৃদয়ের প্রশংসা করে দক্ষিণ আফ্রিকার কোচ আরও বলেন, ‘পচেফস্ট্রুমের সেই ম্যাচটি যদি এখনো চলত, তাহলে সম্ভবত সে এখনো ব্যাটিং করত। অনলাইনে তার ব্যাটিংয়ের কিছু ভিডিও দেখেছি আমরা।’ তিনি মনে করেন, ব্যাটাররা যেখানে ভালো করেন, সেখানে আবার খেললে আত্মবিশ্বাসী থাকেন; এখানে খেলার ব্যাপারে হৃদয়ও বেশ আত্মবিশ্বাসী থাকবেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটাররা সেরা ছন্দে না থাকলেও কনরাড তাঁদের খাটো করে দেখছেন না। বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের সমকক্ষ হিসেবে বিবেচনার কথা বলে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে যে পরিমাণ সম্মান করি, তাদেরও ঠিক ততটাই সম্মান দিচ্ছি। এখানে এসে তারা অনেক আত্মবিশ্বাসী থাকবে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানের দিকে মনোযোগ ধরে রাখা।’