নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কে মরণফাঁদ সৃষ্টি হয়েছে। সড়কের বড় বড় গর্ত ও খানাখন্দ এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা উপজেলার সাধারণ মানুষসহ সড়কটি দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত এক মাস ধরে এই চৌরাস্তার অংশটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সড়কটি একদম নাজুক হয়ে পড়েছে। গাড়ি চলাচলের সময় যানগুলো তীব্র ঝাঁকুনি খেয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণভাবে পারাপার হয়, ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে বড় কোনো জীবনহানির আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রাণহানির কোনো অপ্রিয় ঘটনা ঘটার আগেই দ্রুততম সময়ে মোড়টি জরুরি ভিত্তিতে সংস্কার করা অত্যন্ত জরুরি। লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, রূপক মুখার্জি, স্থানীয় শ্রমিক নেতা তিতু গাজী, দীপু মিয়া ও মনির খানসহ আরো অনেকে এই ব্যস্ততম সড়কের এমন বেহাল অবস্থা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন। তারা বলেন, “অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা জরুরি। চরম দুর্ঘটনা ঘটার আগেই এটি মেরামতের জন্য আমরা সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।”
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তাফিজুর রহমান এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলেন। তিনি জানান, নির্বাহী প্রকৌশলী এক সপ্তাহের মধ্যে সড়কটি মেরামত করে দেওয়ার কথা দিয়েছিলেন। তবে ঠিক কী কারণে এখনো কাজটি করা হয়নি, তা তার জানা নেই।
ইউএনও এস এম মোস্তাফিজুর রহমান আজই আবারো সওজের কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। এদিকে, সড়ক ও জনপথ বিভাগের নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।