সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

দীপাবলির ছুটিতে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, মঙ্গলবার সকাল থেকে চালুর কথা

পাসপোর্টধারী যাত্রী পারাপার ও বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও ভারতের পেট্রাপোলের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, রোববার বিকেল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টম হাউস ও বন্দরের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, বন্দরের অভ্যন্তরে আগে আসা পণ্যবাহী ট্রাকের পণ্য লোড-আনলোড ও খালাস কার্যক্রম অব্যাহত আছে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যেতে পারে, সে জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দীপাবলি উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর ব্যবহারকারীরা সবাই ছুটিতে। তাই আমদানি-রপ্তানি বন্ধ আছে। তিনি জানান, বিষয়টি আগেই বেনাপোল বন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তাঁর ভাষ্য, ধর্মীয় উৎসব উপলক্ষে প্রতিবছরই এ ধরনের ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। বিষয়টি তাঁদের চিঠি দিয়ে জানানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারতে কালীপূজার ছুটি থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিতভাবেই পারাপার হতে পারছেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে শুরু হবে।