রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গোরাঙ্গবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসবে আসা ভক্ত ও পুণ্যার্থীদের সেবায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতা ও জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের উদ্যোগে এসব ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবে আগত ভক্তদের জন্য আর্থিক অনুদান, বিনা মূল্যে খাবার, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি রয়েছে চিকিৎসাসেবা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। উৎসবের নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং সংবাদকর্মীদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে তীর্থস্থানের বিভিন্ন প্যান্ডেলে গিয়ে সুলতানুল ইসলাম তারেকের পক্ষ থেকে অনুদান তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক। এ সময় তিনি আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেকের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
সাইফুল ইসলাম হীরক বলেন, শারীরিক অসুস্থতার কারণে সুলতানুল ইসলাম তারেক এবার উৎসবে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি ভক্তদের কথা ভোলেননি। তাঁর ভাষ্য, তারেক দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছেন এবং মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা দিয়ে আসছেন।
তিনি আরও বলেন, উৎসবে বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন। ভক্তরা যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।
সুলতানুল ইসলাম তারেকের বাসার সামনেও ভক্তদের জন্য বিনা মূল্যে খাবার, খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। অসুস্থ ভক্তদের জন্য ২৪ ঘণ্টা চিকিৎসক এবং জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। নারী ভক্তদের নিরাপত্তার কথা ভেবে পোশাক পরিবর্তনের জন্য আলাদা একটি কক্ষও করা হয়েছে।
উৎসবে আসা কয়েকজন ভক্ত এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা যেন অব্যাহত থাকে।