বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাঘা মাজার শরিফের দিঘি থেকে উদ্ধার নারীর মরদেহ শনাক্ত হয়নি, অপমৃত্যুর মামলা

সোমবার সন্ধ্যায় ভাসমান অবস্থায় পাওয়া আনুমানিক ৪৫ বছর বয়সী নারীর মরদেহ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক মাজার শরিফের দিঘি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধারের একদিন পর মঙ্গলবার ময়নাতদন্তের জন্য সেটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে বাঘা মাজার শরিফের দিঘিতে ভাসমান অবস্থায় আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাজার কর্তৃপক্ষ জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি প্রায় তিন মাস ধরে মাজার এলাকায় অবস্থান করছিলেন। তবে তাঁর নাম-পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। মাজারের কর্মচারী মাসুদ রানা জানান, ঘটনার দিন সন্ধ্যার আগে ওই নারী দিঘিতে গোসল করতে নামেন। কয়েকবার ডুব দেওয়ার পর তিনি আর ভেসে ওঠেননি। পরে এক যুবক পানিতে নেমে তাঁকে অচেতন অবস্থায় তীরে নিয়ে আসেন।

পুলিশ মরদেহটি নিজেদের হেফাজতে নিয়ে থানায় সংরক্ষণ করে। পরদিন আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, মৃত নারীর কোনো স্বজন বা অভিভাবকের সন্ধান এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।