মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। বুধবার (১১ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল বুধবার ভোর পৌনে ৪টার দিকে পদ্মা সেতু উত্তর থানার দক্ষিণ মেদিনিমণ্ডল এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। পদ্মা সেতু পেরিয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।
অভিযানে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল জব্দ করা হয়। চোরাচালানে ব্যবহৃত কাভার্ডভ্যান দুটিও জব্দ হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন সাতক্ষীরা সদর এলাকার ঘোনা গ্রামের সাজ্জাদ হোসেন (২৮) ও কলারোয়া এলাকার নাজমুল হোসেন (৩২)। এসআরবি জানিয়েছে, তাঁরা পরস্পর যোগসাজশে বেনাপোল থেকে চোরাপথে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি, শালসহ ভারতীয় পণ্য কাভার্ডভ্যানে করে এনে দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।
জব্দ পণ্যসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি আরও বলেছে, চোরাচালান দেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।