মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নওগাঁর পত্নীতলার জামালপুর গ্রামের ভূমিহীনদের আবাসন উদ্যোগ পেল আন্তর্জাতিক পুরস্কার

৪৯টি ভূমিহীন পরিবারের যৌথ উদ্যোগে গড়া ঘর নির্মাণের অভিজ্ঞতা ব্যাংককের এক ফোরামে ‘কালেক্টিভ হাউজিং অ্যাওয়ার্ড’ পেয়েছে।

নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের জামালপুর গ্রামের একটি কমিউনিটি-নেতৃত্বাধীন আবাসন উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত একটি আন্তর্জাতিক ফোরামে ২৬ অক্টোবর এই উদ্যোগকে ‘কালেক্টিভ হাউজিং অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

জানা গেছে, ‘প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার’-এর মাধ্যমে এই উদ্যোগের অভিজ্ঞতা পুরস্কারের জন্য জমা দেওয়া হয়েছিল। পরে এটি ‘কালেক্টিভ ইনিশিয়েটিভস অব দ্য কমিউনিটি’ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

আবাসন সংকটে থাকা একদল ভূমিহীন মানুষ সম্মিলিতভাবে ভূমির অধিকার প্রতিষ্ঠা, সঞ্চয়, যৌথ সম্পদের সঠিক ব্যবহার এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই উদ্যোগ গড়ে তোলেন। এর ফলে ৪৯টি ভূমিহীন পরিবার খাস জমিতে নিজেদের ঘর নির্মাণ করতে পেরেছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইয়োসানান ওয়ংসাওয়াত এবং জাতিসংঘের মানব বসতি কর্মসূচি ইউএন-হ্যাবিটাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর স্থানীয় প্রতিনিধি আসির উদ্দিন বলেন, একদল ভূমিহীন মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের ফলেই এই সাফল্য এসেছে।

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা বলেন, জামালপুর গ্রামের মানুষের এই অর্জন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশসহ পুরো দেশের জন্য অত্যন্ত গর্বের। তাঁর ভাষায়, এটি প্রমাণ করে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্ব, সম্মিলিত উদ্যোগ ও নিজস্ব সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টান্ত গড়ে তোলা সম্ভব।