মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শিবগঞ্জে জুলাই শহীদ রনির মা ক্যান্সারে আক্রান্ত, অর্থাভাবে থমকে কেমোথেরাপি

বগুড়ার বুড়িগঞ্জ ইউনিয়নের শাহনাজ বেগম স্বামী ও একমাত্র ছেলেকে হারিয়েছেন; পরিবার সরকারের সহায়তা চেয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রনি মিয়ার মা শাহনাজ বেগম এখন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। অর্থাভাবে তাঁর চিকিৎসা থমকে যাওয়ার উপক্রম হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশখুর গ্রামের বাসিন্দা শাহনাজ সুস্থ হয়ে বাঁচার আকুতি জানিয়ে চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, সাত বছর আগে শাহনাজ বেগম স্বামীকে হারান। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলনে গিয়ে তাঁর একমাত্র ছেলে রনি মিয়া শহীদ হন। এখন মেয়ে শিল্পী আক্তার রুপাকে নিয়ে কোনোমতে দিন কাটছে তাঁর। একসময় রনির উপার্জনে সংসার চলত। রনির মৃত্যুর পর সরকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া অনুদানের অর্থে মা-মেয়ের জীবন চলছিল, কিন্তু সেই অর্থও এখন শেষ।

এরই মধ্যে শাহনাজ বেগম ব্রেস্ট টিউমারে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. রিফাত শারমিন জ্যোতি তাঁর চিকিৎসা শুরু করেন। ১৪ দিন পর অস্ত্রোপচার করা হলে পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার পেছনে জমানো সব অর্থ ব্যয় হয়ে গেছে। এখন চিকিৎসক কেমোথেরাপির পরামর্শ দিয়েছেন, কিন্তু অর্থাভাবে তা করানো যাচ্ছে না।

শাহনাজ বেগমের মেয়ে শিল্পী আক্তার রুপা বলেন, মা অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে থাকলেও সরকারের কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি তাঁকে দেখতে যাননি। টাকার অভাবে মায়ের চিকিৎসা করাতে পারছেন না তাঁরা।

জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির রাজশাহী বিভাগীয় চেয়ারম্যান ও শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন জোবায়ের বলেন, একজন জুলাই শহীদ জননী চিকিৎসার অভাবে মারা যাবেন, তা মেনে নেওয়া কষ্টকর। তিনি তাঁর সুচিকিৎসার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। প্রয়োজনীয় চিকিৎসা না পেলে শাহনাজ বেগমের জীবন আরও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।