নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত এবং আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতার নতুন পথ খুলেছে।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মারকে সই করেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মারক অনুযায়ী, দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি এবং ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ভোজ্যতেল। এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সারসহ কৃষিপণ্য ও কৃষি উপকরণও এ সহযোগিতার আওতায় থাকবে।
তবে স্মারক সইয়ের অর্থ তাৎক্ষণিকভাবে এসব পণ্য আমদানি বা রপ্তানির চূড়ান্ত চুক্তি হয়ে যাওয়া নয়। কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে। এরপর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পণ্যভিত্তিক আলাদা চুক্তি করে সরবরাহের শর্ত ঠিক করা হবে। ফলে সরাসরি সরকারি বাণিজ্যের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলেও প্রতিটি লেনদেনের দাম, পরিমাণ, মান ও সরবরাহের সময় পরবর্তী সময়ে নির্ধারিত হবে।