পদ্মার আরিচা ঘাটের একটি মাছের আড়তে নানা প্রজাতির মাছের ভিড়ে পড়ে থাকা অদ্ভুতদর্শন একটি মাছ দেখে থমকে গিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ। কাছে গিয়ে বুঝলেন, মাছটি সাকার। এত দিন তিনি জানতেন, এই মাছ মূলত ঢাকার আশপাশের নদীতে পাওয়া যায়। ১৭ অক্টোবরের ওই ঘটনায় জেলেদের কাছে জানতে চাইলে উত্তর মেলে, পদ্মায় জাল ফেললে এখন সাকার মাছও উঠে আসে।
অধ্যাপক আজিজ জানান, পরে নদীতে ডলফিনের খোঁজ করতে গিয়ে মেঘনার মোহনায়ও তিনি এ মাছের দেখা পান। একসময় অ্যাকুয়ারিয়ামের শৈবাল পরিষ্কার ও সৌন্দর্য বাড়াতে এ মাছ আনা হয়েছিল। ১৯৮০-এর দশকে বগুড়ায় প্রথম শনাক্ত হওয়ার পর এখন সেটি দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীতে ছড়িয়ে পড়ছে।
২০২২ সালের সেপ্টেম্বরে সরকার সাকার মাছের চাষ, বিক্রি ও আমদানি নিষিদ্ধ করে। তবে নিষেধাজ্ঞার পরও বিস্তার থামেনি। মৎস্য অধিদপ্তর বলছে, মাছটির বিস্তার নিয়ন্ত্রণে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
২০২৩ সালে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জার্মানি, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে যৌথভাবে একটি গবেষণা করেন। তাতে আটটি বিভাগের ২৪টি নদী, একটি হ্রদ ও একটি হাওরে সাকার মাছের উপস্থিতির প্রমাণ মেলে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও ধলেশ্বরীর পাশাপাশি ব্রহ্মপুত্র ও পদ্মায় জেলেদের জালে এ মাছ ধরা পড়ার প্রমাণ পেয়েছেন গবেষকেরা। এ ছাড়া সাঙ্গু, হালদা, কর্ণফুলী, কাপ্তাই হ্রদ, মেঘনা, সুরমা, হাকালুকি হাওর, যমুনা, তিস্তা, ধরলা, চিত্রা, বলেশ্বর, ভৈরব ও বিষখালীতেও মাছটির বিস্তার পাওয়া গেছে।
গবেষণায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নিয়ামুল নাসের বলেন, হাওরসহ দেশের নদ-নদীতে সাকার মাছের বিচরণ বাড়ছে। ইলিশের প্রজননক্ষেত্র ও অভয়াশ্রমের মধ্য দিয়েও এ মাছ ছড়িয়ে পড়তে পারে। তবে ইলিশের জন্য ঝুঁকি তুলনামূলক কম বলে মনে করেন তিনি। কারণ, ইলিশ সাধারণত নদীর গভীর অংশে থাকে, আর অনেক দেশি মাছের বিচরণক্ষেত্র অগভীর অংশে—যেখানে সাকার মাছ বেশি সক্রিয়। তাঁর মতে, দেশি মাছের ওপর এর প্রভাব নিরূপণে সরকারের উদ্যোগ জরুরি।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, সাকার একটি আগ্রাসী বিদেশি প্রজাতি। এটি নদীর তলদেশের শৈবাল, জৈব পদার্থ ও ক্ষুদ্র জলজ প্রাণী খেয়ে বাঁচে, ফলে তলদেশের জলজ উদ্ভিদ ও ক্ষুদ্র প্রাণীর আবাস ক্ষতিগ্রস্ত হয়। এতে খাদ্যশৃঙ্খল ও বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হতে পারে। বিস্তার ঠেকাতে তিনি গবেষণাভিত্তিক ও সমন্বিত উদ্যোগের কথা বলেন।
সাকার মাছ মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকার, বিশেষ করে ব্রাজিলের আমাজন অঞ্চলের নদ-নদীর প্রজাতি। বিশ শতকের মাঝামাঝি থেকে শখের অ্যাকুয়ারিয়াম পরিষ্কারের কাজে এ মাছ ব্যবহার করা হচ্ছে। দেশে ইলিশের জন্য ছয়টি অভয়াশ্রম রয়েছে। গবেষকদের আশঙ্কা, সাকার মাছের বিস্তার এসব জলজ পরিবেশের ভারসাম্যের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।