গোপালগঞ্জ ও গাজীপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে ঢাকার পিলখানায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে যান।
স্বরাষ্ট্রমন্ত্রী আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁদের চিকিৎসা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বিজিবির তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রথমে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর তাঁকে পিলখানার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ে ক্ষত সৃষ্টি হয়। বর্তমানে তিনজনই ওই হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে শুক্রবার মুন্সিগঞ্জে এক মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যারা থানা, হাসপাতাল ও সংসদ সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে।