বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে নিচে পড়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোগীর নাম শিরিন বেগম (৬৫)। তিনি বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাথাব্যথা ও জ্বরের জন্য গত বৃহস্পতিবার দুপুরে শিরিন বেগমকে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে তাঁর সঙ্গে ছিলেন স্বামী।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্ত্রীকে রেখে স্বামী এশার নামাজ পড়তে মসজিদে যান। ওই সময় শিরিন বেগম অসাবধানতাবশত খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হাসপাতালের উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, বিষয়টি পুলিশ দেখছে। হাসপাতাল প্রশাসন এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চায় না। পুলিশের মতামত পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
পুলিশ ও হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, ছয়তলার ওই জানালায় গ্রিল না থাকার বিষয়টিই এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।