নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মহড়া ও ভাঙচুরের ঘটনার পর গোপালগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। একই সঙ্গে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানানো হয়েছে। এর আগে রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের খবর পাওয়া গিয়েছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার বিকেল চারটার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ১৫০ সদস্যের ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা কাজ করবে। তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী বিজিবির সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন এবং সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
ব্রিফিংয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জে পুলিশের এক হাজার ৩৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছিল। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে নিয়মিত মোবাইল টিম দায়িত্ব পালন করেছে, ফলে মহাসড়কে এক মিনিটের জন্যও যান চলাচল বন্ধ হয়নি। সদর ছাড়াও জেলার অন্য চারটি পৌরসভা ও উপজেলা শহরে পর্যাপ্ত পুলিশ ছিল বলে তিনি উল্লেখ করেন।
ডিআইজি আরও বলেন, গোপালগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি রেঞ্জের অন্য জেলা থেকেও অতিরিক্ত সদস্য এনে দায়িত্বে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রতিদিনই নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে এবং আগামী দিনেও জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ব্রিফিংয়ের সময় সদ্য বদলি হওয়া ডিসি আরিফ-উজ-জামান ও এসপি মো. হাবীবুল্লাহ উপস্থিত ছিলেন।