তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ৩১ সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আন্তালিয়া ছাড়েন। সেখানে বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল তাঁকে বিদায় জানান।
ঢাকায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।
সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশ নেন এবং বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন। কপ৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিনি ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান। বৃহস্পতিবার তিনি কপ৩১–এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন, যেখানে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।
সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তাঁর বৈঠক হয়।