চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরের মেঝেতে তাঁর পাঁচ মাস বয়সী দুই যমজ মেয়ের মরদেহও পাওয়া গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির বয়স ৫০ বছর। তাঁর বাড়ি চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল আজানী পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষে খাটের পাশে মেঝেতে পড়ে ছিল দুই শিশুর মরদেহ। ঘটনার সময় পারিবারিক একটি কাজে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। তাঁরা ঘরে ফিরলে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে পারিবারিকভাবে পুঁইছড়ির এক নারীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর প্রথম তিন মাস তাঁরা নগরের একটি ভাড়া বাসায় থাকতেন, পরে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। তাঁর পেশা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক কোনো বিরোধ ছিল কি না, তা-ও জানাতে পারেননি স্বজনেরা।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ওই ব্যক্তিকে ঘরের বিমে ঝুলন্ত অবস্থায় এবং একই কক্ষে খাটের পাশে মেঝেতে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(আত্মহত্যা প্রতিরোধে মানসিক সহায়তা প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা স্বাস্থ্যসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা জরুরি।)