রাজশাহীর গোদাগাড়ীতে একটি ধানক্ষেত থেকে ১৬ বছর বয়সী এক কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কলিপুর এলাকায় লাশটি পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা, কিশোরের ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিতেই তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত কিশোর গোদাগাড়ী পৌরসভার বারইপাড়া মহল্লার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করছিলেন।
শনিবার সকালে কলিপুর এলাকায় তীব্র দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন একটি ধানক্ষেতে লাশ দেখতে পান। খবর পেয়ে গোদাগাড়ী থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
গোদাগাড়ী থানার ওসি সুজন মিঞা জানান, লাশে পচন ধরায় শরীরে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো আঘাতের চিহ্ন বোঝা যায়নি। তবে কিশোরের ব্যাটারিচালিত রিকশাটি পাওয়া যায়নি। এ কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনিয়ে নিতেই তাঁকে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।