সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের ফটকে অগ্নিসংযোগ: দুজন আটক, মামলা হয়নি

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ২১ বছর বয়সী দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ; তাঁদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

রোববার (২২ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দেওয়ার ঘটনায় কেউ মামলা করেননি। কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর দিবাগত রাত ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দাড়িয়াপাড়ার অপর্ণা ভবনে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে পেট্রল বা কেরোসিন দিয়ে আগুন ধরানো হয়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক দুজনের বয়স ২১ বছর; তাঁরা দুজনই বর্তমানে নগরীর দাড়িয়াপাড়ায় বসবাস করছেন। তাঁদের একজনের বাড়ি বরিশালের আগৈলঝড়া ও অন্যজনের সুনামগঞ্জের দিরাই উপজেলায়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।