উত্তরাঞ্চলের ১৬-১৭টি জেলার মানুষের চিকিৎসার প্রধান ভরসা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর চাপ এখন অনুমোদিত শয্যার আড়াই গুণেরও বেশি। শয্যা না পেয়ে অধিকাংশ রোগীকে থাকতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দা ও করিডোরে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩,৩১৭। ওই দিন সাধারণ ১,২০০ ও আইসিইউ ৪৩টিসহ মোট সচল শয্যা ছিল ১,২৪৩টি। অর্থাৎ শয্যার তুলনায় প্রায় ২.৭ গুণ রোগী ভর্তি ছিলেন। দুই হাজারের বেশি রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হয়েছে। এর আট দিন আগে, ২১ অক্টোবর ভর্তি রোগী ছিলেন ৩,২৮০ জন। বহির্বিভাগে গড়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন ৫,৮০৪ জন।
১৯৬৫ সালে ৫৩০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটির বর্তমানে প্রশাসনিক অনুমোদন রয়েছে ১,৩০০ শয্যার, এর মধ্যে ১০০টি আইসিইউ। আইসিইউর বাকি শয্যা আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চালুর আশা করছে কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, অবকাঠামো বাড়লেও প্রশাসনিক ও জনবল কাঠামো এখনো ৫৩০ শয্যার পুরোনো কাঠামোতেই আটকে আছে। গত পাঁচ বছরে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে এবং রোগীদের ৮০ শতাংশের বেশি রাজশাহীর বাইরের; চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, যশোর ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে তাঁরা আসেন।
হাসপাতালের জনবল-সংক্রান্ত তথ্য অনুযায়ী, চিকিৎসকের ৩৩৩টি পদের বিপরীতে কর্মরত ৩১৫ জন, নার্সের ১,২২৪টি পদের বিপরীতে ১,২২২ জন। তৃতীয় শ্রেণির ১৭৫টি পদের মধ্যে ১৯টি এবং চতুর্থ শ্রেণির ৪৩৪টি পদের মধ্যে ২৭৯টি শূন্য। জরুরি বিভাগে সেবা পেতে রোগীদের গড়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শাহাদাত মাহমুদ তপু বলেন, রোগীর তুলনায় গ্লাভস, স্যালাইন, সিরিঞ্জ ও ক্যানুলার সরবরাহ অনেক কম; অনেক সময় ওষুধ বাইরে থেকে কিনতে হয়। অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতির সীমাবদ্ধতায় সার্জারি ও গাইনি বিভাগে সপ্তাহে সাত দিনের বদলে চার দিন অস্ত্রোপচার হচ্ছে।
রোগী ও স্বজনেরাও ভোগান্তির কথা জানিয়েছেন। নগরীর বায়া বাজারের শেফালি বেগম বলেন, জরুরি রোগী নিয়ে এসেও ভর্তি হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মাইনুল ইসলাম বলেন, দুই-তিন দিন ধরে হাসপাতালে থেকেও তিনি ঠিকমতো সেবা পাচ্ছেন না।
হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, শয্যা বাড়লেও সে অনুপাতে বরাদ্দ ও নতুন জনবল কাঠামো তৈরি হয়নি। জনবল সংকট পূরণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন ওয়ার্ডে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ শুরু হয়েছে, স্যালাইন ও সিরিঞ্জের সংকট মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে প্রয়োজনে দৈনিক মজুরিভিত্তিক কর্মী নেওয়া হতে পারে।