বিদেশ থেকে আমদানি করা সরকারি গম মোংলা বন্দরে পৌঁছানোর আগেই অন্য জাহাজে খালাস করে সরিয়ে নেওয়ার অভিযোগে যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে ১৫০ টন গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করা হয়েছে। জব্দ করা গমের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। অভিযানে ছয়জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে পাঁচজন আটক আছেন; জাহাজের মাস্টার পলাতক।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল তিনটার দিকে অভয়নগর উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফরাজি ঘাটে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও অভয়নগর নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সমুদ্রপথে বিদেশ থেকে আমদানি করা গমের একটি চালান মোংলা বন্দরের উদ্দেশে আসছিল। বাগেরহাটের হারবাড়িয়া এলাকায় থাকার সময় একটি চক্র বিদেশি জাহাজ থেকে আনুমানিক ১৫০ টন গম একটি বাংলাদেশি লাইটার জাহাজে খালাস করে। পরে গমবোঝাই ওই লাইটার জাহাজ নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটে নিয়ে রাখা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা এসআরবি-৬–এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম বলেন, তথ্য যাচাই করে যৌথ দল অভিযান চালায় এবং গমসহ জাহাজটি জব্দ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আটক পাঁচজন এবং জব্দ করা গম ও জাহাজ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন।