বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাঙ্গুনিয়ায় ধানখেত পাহারায় গিয়ে নিখোঁজ কৃষকের লাশ মিলল সড়কে, কনুই থেকে দুই হাত কাটা

চট্টগ্রামের সরফভাটা ইউনিয়নে বুধবার সকালে নেজাম উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ; হত্যার কারণ ও জড়িতদের পরিচয় অজানা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক থেকে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর দুটি হাত বিচ্ছিন্ন অবস্থায় পাশে পড়ে ছিল। বুধবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল গ্রামের কালিছড়ি ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম নেজাম উদ্দিন (৫০)। তিনি সরফভাটা ইউনিয়নের মীরেরখিল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে। কৃষিকাজের পাশাপাশি এলাকায় দিনমজুর হিসেবেও কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মীরেরখিল কালিছড়ি ব্রিজসংলগ্ন মাতব্বর বাড়ির পাশে নেজাম উদ্দিনের পাকা ধানখেত আছে। বন্যহাতির আক্রমণ থেকে সেই ধান রক্ষায় পাহারা দিতে মঙ্গলবার বিকেলে তিনি ঘর থেকে বের হন। বুধবার সকালে ফিরে না আসায় স্বজনেরা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে ধানখেত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পিচঢালা সড়কের মাঝখানে নেজামের রক্তাক্ত লাশ খুঁজে পান তাঁরা। লাশের পাশেই তাঁর বিচ্ছিন্ন দুটি হাত পড়ে ছিল।

নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, ‘আমার ভাই একজন নিরীহ চাষি ও দিনমজুর ছিলেন। তাঁকে কেন, কী কারণে এমন নৃশংসভাবে খুন করা হলো, তা আমরা বুঝতে পারছি না।’

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, লাশ দেখে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কেটে নেজাম উদ্দিনের দুটি হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। দুই হাত কনুই পর্যন্ত কেটে ফেলায় দীর্ঘক্ষণ রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওসি আরও বলেন, কী কারণে, কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।