সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় স্বর্ণের দামে বড় পতন, মসজিদ ইন্ডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভিড়

এক মাস আগের তুলনায় কুয়ালালামপুরের গয়নার বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম উল্লেখযোগ্য কমেছে; সুযোগে গয়না কিনছেন প্রবাসীরাও।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় মালয়েশিয়ায়ও গয়নার দামে বড় পতন দেখা গেছে। কুয়ালালামপুরের গয়নার বাজারে এখন ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে গ্রামপ্রতি ৪৫৩ রিংগিতে, অথচ এক মাস আগেও সেখানে দাম ছিল ৫৫০ থেকে ৬০০ রিংগিত বা তার বেশি।

দেশটির কসমেটিকস, গয়না ও কাপড়ের জন্য পরিচিত মসজিদ ইন্ডিয়া এলাকায় সরেজমিনে দেখা গেছে, সেখানকার বিভিন্ন দোকানেই দাম কমেছে। হানিফা, মালাবার, ডুবাই গোল্ড ও এমএস গোল্ডসহ এলাকার সব আউটলেটে একই চিত্র। এক ভরি স্বর্ণ ১১ দশমিক ৬৬ গ্রাম বা ১২ গ্রাম ধরা হয়। সে হিসাবে এক-দুই মাস আগে ভরিপ্রতি দাম সাত হাজার রিংগিত পর্যন্ত উঠেছিল; গতকাল রোববার ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ভরিপ্রতি ৫ হাজার ৪৩৬ রিংগিতে।

দাম কমার সুযোগে ক্রেতাদের ভিড় বেড়েছে। একটি আউটলেট এক হাজার রিংগিতের স্বর্ণ কিনলে দেড় কোটি টাকার র‍্যাফেল ড্রতে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। মালয়েশীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও গয়না কিনছেন।

ওই আউটলেটের বাংলাদেশি বিক্রেতারা জানান, প্রবাসী বাংলাদেশিরা সাধারণত পরিবারের জন্য এই মসজিদ ইন্ডিয়া এলাকা থেকেই স্বর্ণ কেনেন। প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় তামিল ক্রেতাদের কেন্দ্র করেই এলাকাটিতে স্বর্ণের বড় বাজার গড়ে উঠেছে। দরপতন ও শুভ উদ্বোধন উপলক্ষে ওই আউটলেটে উৎসবেরও আয়োজন করা হয়, যেখানে নাচ, ঢোলের বাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।