শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মান্দার প্রসাদপুরে দুই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য ইকরামুল বারী টিপু

নওগাঁ উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি পৃথক এক কিলোমিটার সড়ক পাকা হবে; স্থানীয়রা বলছেন, বছরের পর বছর বেহাল সড়কে দুর্ভোগ পোহাতে হতো।

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে দুই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন।

নওগাঁ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ কাজে দুটি পৃথক এক কিলোমিটার সড়ক পাকা করা হবে। এর একটি জামতলী মোড় থেকে সদরুল মাস্টারের বাড়ি পর্যন্ত, অন্যটি খয়বর চেয়ারম্যানের মোড় থেকে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, বিএনপি নেতা নূরবক্স মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়ক দুটি বেহাল থাকায় চলাচলে দুর্ভোগ হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ত। তাঁদের আশা, সড়ক পাকা হলে যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য দ্রুত বাজারে নেওয়া যাবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

সংসদ সদস্য ইকরামুল বারী টিপু বলেন, এলাকার মানুষের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এই ধারা অব্যাহত রেখে জনগণের চাহিদা অনুযায়ী আরও প্রকল্প নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।