রাজধানীর বনানী থানার অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জগঠন) শুনানির তারিখ পিছিয়েছে। আদালত নতুন দিন ধার্য করেছেন আগামী ৩ ডিসেম্বর।
সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এলিনা আক্তার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম (কাইয়ুম) বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আসামি আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এ কারণে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, আনিসুল হকের নামে বনানী থানায় একটি বৈধ পিস্তলের লাইসেন্স রয়েছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, আসামির ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা দেওয়া সম্পর্কেও কোনো তথ্য মেলেনি। তিনি কোনো গুলি কিনেছেন কি না, সে বিষয়েও তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল মামলা করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ আগস্ট বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াদুল হক আদালতে চার্জশিট দাখিল করেন।
২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। অস্ত্র আইনের এই মামলায় এখনো অভিযোগ গঠন হয়নি এবং তিনি দোষী সাব্যস্ত হননি।