তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি অত্যাধুনিক ডেনিম কারখানা স্থাপন করবে। এতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আজ বুধবার ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকোর মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। প্রস্তাবিত কারখানায় সমন্বিত সুতা উৎপাদনের ইউনিটও থাকবে। রপ্তানিমুখী এ কারখানার মাসিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড়। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদল বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু ও বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লুর নেতৃত্বে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা প্রস্তাবিত বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের যৌথ উদ্যোগের অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বারসহ কয়েকজন কর্মকর্তা।
ইনভেস্ট বাংলাদেশ জানায়, এ বিনিয়োগ দেশের টেক্সটাইল খাতের পশ্চাৎ সংযোগ শিল্পকে আরও শক্তিশালী করবে। তৈরি পোশাক শিল্পের কাঁচামালের স্থানীয় সরবরাহ সক্ষমতা বাড়ানো এবং রপ্তানি আয় বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং ইনভেস্ট বাংলাদেশের ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানটির টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল থেকে। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়নসহ নানা খাতে তাদের ব্যবসা রয়েছে। ইসকোর বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার এবং ৬০টির বেশি দেশে তাদের গ্রাহক রয়েছে।