বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাধ্যমিকের শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, সংসদে জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আদেশ জারি করে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী কেউই মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার করতে পারবেন না।

মন্ত্রী আরও জানান, এ বিষয়ে নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, অথবা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি ও বাস্তবায়ন করা হচ্ছে।

সংসদে দেওয়া এই জবাবে আদেশটি কবে জারি হয়েছে বা কীভাবে তা তদারক করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।