বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আইপিএলের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজ, আরও ৬-৭ জন বাংলাদেশি ক্রিকেটারের প্রস্তুতি

গোয়ায় ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ১৭ নভেম্বর পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে।

আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও নিলামে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন।

জানা গেছে, সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে আছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। ক্রিকেটাররা ১৭ নভেম্বর পর্যন্ত নিলামের জন্য নাম নিবন্ধন করতে পারবেন। আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায়।

বছরের শুরুতে মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে বড় আলোচনা তৈরি হয়েছিল। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে বাদ দিতে বাধ্য হয়। এর রেশ ধরে নিরাপত্তা শঙ্কার কথা বলে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টেই খেলতে যায়নি বাংলাদেশ। তারপর থেকেই প্রশ্ন ছিল, মোস্তাফিজকে আর কখনো আইপিএলে দেখা যাবে কি না।

সাকিব আল হাসানের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে পরিচিত মুখ মোস্তাফিজ। পাঁচটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি ৯ মৌসুম খেলেছেন। ২০১৬ সালে আইপিএলে অভিষেকেই তিনি সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন; এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটার তিনি। আইপিএলে এ পর্যন্ত ৬০ ম্যাচ খেলে ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে ৬০ উইকেট নিয়েছেন তিনি।

নিয়ম অনুযায়ী প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জন খেলোয়াড় রাখা যাবে, বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের মোট খরচের সীমা ১৫৭ কোটি রুপি। তবে নিলামে প্রতিটি দলের হাতে কত টাকা থাকবে, তা এখনই চূড়ান্ত নয়; খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই তা জানা যাবে। এবারের নিলামে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে সাজানোর সুযোগ নেই।