টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে স্থানীয় বাসিন্দারা এ অবস্থা দেখতে পেয়ে বাঁধা দেন। এরপর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ ঘটনা জানার পরে উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিশ্চিত করেন যে, সেতুটির জন্য বরাদ্দ ছিল প্রায় ১০ কোটি ১০ লাখ টাকা এবং এর দৈর্ঘ্য ৯০.০৬ মিটার।
অভিযোগের পরিপ্রেক্ষিতে এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও দুই প্রকৌশলী, জাহানারা পারভীন ও কাজী ফাত্তাউর রহমানের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তারা যাতে দ্রুত এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করেন, তা নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এলজিইডির প্রধান প্রকৌশলী মীর শাহে আলম জানান, এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
বাসিন্দাদের দাবি, এমন দায়িত্বে অবহেলার কারণে জনসাধারণের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এ ধরনের নির্মাণ কাজের ওপর কড়া নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।