বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বগুড়ায় করতোয়ার পাড়ে প্রতিদিন ২০০ টন শহরের বর্জ্য, দূষণে অতিষ্ঠ বাঘোপাড়ার বাসিন্দারা

সিটি করপোরেশনের নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকায় নদীর পাড়ের খোলা ভাগাড়ে ময়লা ফেলা হচ্ছে; পরিবেশ অধিদপ্তর খোলা স্থানে বর্জ্য না রাখার পরামর্শ দিয়েছে।

বগুড়া সিটি করপোরেশনের প্রতিদিনকার প্রায় ২০০ টন আবর্জনা ফেলা হচ্ছে করতোয়া নদীর পাড়ের খোলা ভাগাড়ে। এসব বর্জ্য নদীতে গিয়ে পড়ায় নদীর পানি দূষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বগুড়া সদরের বাঘোপাড়া মহিষবাথান এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও তাঁরা এ নদীর পানি পান করতেন এবং গৃহস্থালির কাজে ব্যবহার করতেন। এখন দুর্গন্ধে ঘরে থাকাই কঠিন। ৬০ বছর বয়সী আবদুল বারী বলেন, আগে এখানে এত নলকূপ ছিল না, বাড়ির সব কাজ নদীর পানিতে হতো; এখন দুর্গন্ধের কারণে নদীর কাছে যাওয়াই যায় না। জহুরা নামে এক নারী জানান, আগে নদীর পানিতে ধুয়ে শাক রান্না করতেন, এখন সে পানি ব্যবহারের অযোগ্য। নদীতে মাছ ধরে জীবিকা চালানো লোকজন কয়েক বছর ধরে মাছ পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে।

ভাগাড়ে উপস্থিত ট্রাকচালকেরা জানান, ২৪টি ট্রাক প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২০০ টন ময়লা নিয়ে আসে। সিটি করপোরেশনের কর্মচারী খোরশেদ আলম এসকেভেটর দিয়ে ময়লা নদীর পাড়ের দিকে ঠেলে দিচ্ছিলেন। তিনি বলেন, সরাসরি নদীতে ফেলা হয় না, তবে এসকেভেটর দিয়ে ঠেলার সময় কিছু ময়লা নদীতে যেতে পারে।

২০২১ সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্যের কোনো অংশ খোলা না রাখা এবং ভূমি ভরাটের স্থান নির্বাচনে পরিবেশগত প্রভাব নিরূপণের কথা বলা আছে। ২০২১ সালের ৫ ডিসেম্বর নদী রক্ষা কমিশনের চাহিদার প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় নদী দূষণের একটি তালিকা করেছিল। সেখানে তৎকালীন বগুড়া পৌরসভাকে করতোয়া দূষণকারী হিসেবে নোটিশও দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ বলেন, বাঘোপাড়ার ভাগাড়ে আগেও পরিদর্শন করা হয়েছে; আবর্জনা পানিতে মিশলেই দুর্গন্ধ ছড়ায়। সম্প্রতি সিটি করপোরেশনের সভায় খোলা স্থানে ময়লা না রেখে নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা করার কথা বলা হয়েছে বলে জানান তিনি।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, তাদের নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন বা ভাগাড় নেই, জায়গা খোঁজা হচ্ছে। বর্তমানে একটি বেসরকারি সংস্থা টিএমএসএসের জায়গায় ময়লা ফেলা হচ্ছে। বিষয়টি জানানোর পর তিনি কর্মচারীদের সতর্ক করেছেন বলেও জানান।